সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা সিএএ-র প্রতিবাদে রাস্তায় নেমেছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সিএএ ও এনআরসি বিরোধিতায় প্রথম সোচ্চার হয়েছিলেন। শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝেই বিনা অনুমতিতে ঢুকে পড়ে পড়ুয়াদের মারধর করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার পরেই প্রতিবাদে মুখর হন সারা দেশের বিভিন্ন রাজ্যের পড়়ুয়ারা। কিন্তু সবাই যখন এভাবে প্রতিবাদ করছেন, তখন বলিউডের প্রথম সারির তারকারা মুখে কুলুপ এঁটেছিলেন।
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হয়েও কোনও মন্তব্য করেননি শাহরুখ খান। এছাড়াও চুপ থেকেছেন আমির খান, সলমন খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান-সহ আরও অনেকে। কিন্তু কেন এঁরা চুপ থেকেছেন, সেই নিয়ে এবার মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানান, যাঁদের কিছু হারানোর ভয় আছে, তাঁরাই এখনও মুখ খোলেননি। তিনি বলেন, মানুষ আজকাল নিজেদের মতামত স্পষ্ট করে বলছেন। মতামত দিলে কী হবে, এই ভয় মানুষের মন থেকে চলে যাচ্ছে। অনেকে হয়তো এখনও মুখ খোলেননি। হয়তো তাঁরা কিছু হারাতে ভয় পান। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই ভয় না পেয়ে মুখ খুলছেন।
বরাবরই নিজের মতামত স্পষ্ট করে বলে এসেছেন নাসিরুদ্দিন শাহ। এছাড়াও অনুরাগ কাশ্যপ প্রথম থেকে সিএএ-র বিরোধিতা করে এসেছেন। আর তার জন্য তাঁর টুইটার ফলোয়ারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন অনুরাগ। পরিণীতি চোপড়া, সুশান্ত সিং, রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর, ফারহান আখতাররাও সিএএ বিরোধিতা করেছেন।
Comments
Post a Comment