লক ডাউন এর মধ্যে পড়ে দীর্ঘদিন ধরে বন্ধ বৈদেশিক বাণিজ্য




লক ডাউন এর মধ্যে পড়ে দীর্ঘদিন ধরে বন্ধ বৈদেশিক বাণিজ্য । যার প্রভাব পড়েছে বসিরহাটের বাগদা চিংড়ি চাষে। এলাকার মেছো ভেড়ির মালিকরা কুইন্টাল, কুইন্টাল চিংড়ি মাছ উৎপাদন করলেও বিদেশে রপ্তানি না হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা ।সমস্যায় পড়েছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ ।

 নদী মাতৃক বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে হাজার হাজার বিঘা জমিতে নোনা জলের বাগদা চিংড়ি চাষ করেন এলাকার ব্যবসায়ীরা। নদী থেকে বাগদার মিন ধরা থেকে শুরু করে এলাকার মেছো ভেড়িতে চাষ করে উৎপাদিত বাগদা চিংড়ি আড়ৎদারের কাছে  পৌঁছানো অবধি হাজার হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত । মূলত এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেই তারা তাদের সংসার যাত্রা নির্বাহ করেন । করোনার আবহে দীর্ঘদিন ধরে লকডাউন চলতে থাকায় বসিরহাটের মেছোভেড়ি থেকে উৎপাদিত বাগদা চীন জাপান আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না । যার ফলে বড় বড় কোম্পানিগুলো আড়ৎদারদের কাছ থেকে চিংড়ি মাছ কিনছেন না। আর তাই স্থানীয় বাজার গুলোতে বাগদা চিংড়ি বিকোচ্ছে  জলের দরে । গত বছর এমন সময়ে যে বাগদা চিংড়ির দাম ছিল হাজার টাকা প্রতি কেজি । এখন সেই বাগদা চিংড়ির স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। উৎপাদিত বাগদা চিংড়ির দাম না পাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মেছো ভেড়ির  মালিক থেকে শুরু করে এই ব্যবসার সঙ্গে যুক্ত সকল  মানুষ।


Comments