কেন্দ্রের মোদি সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরোধিতা এবং হাথরস কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল এবং সারা দেশজুড়ে দলিত, মহিলা এবং নাবালিকাদের উপর অত্যাচার, ধর্ষণের প্রতিবাদে কোচবিহারে সোমবার অনুষ্ঠিত হয় তৃণমূলের মহা মিছিল। মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়।
উপস্থিত ছিলেন কোচবিহার মেখলিগঞ্জ মহাকুমা বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফজলুল করিম মিয়া সহ প্রমুখ। প্রায় ৪০ হাজার কর্মী সমর্থক নিয়ে এদিন মিছিলে অংশগ্রহণ করেন পার্থ প্রতিম রায়। কোচবিহার রাসমেলা ময়দান থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে পুনরায় রাসমেলা ময়দানে শেষ হয়।
এদিন মিছিল শেষে পার্থ প্রতিম রায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের একত্রিত হয়ে ধর্মীয় এবং জাতি ভারত নিয়ে রাজনীতি করা বিজেপি কে ধুলিস্যাৎ করতে হবে। একই সাথে গোটা জেলা জুড়ে কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি।
পাশাপাশি নদীয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার তীব্র প্রতিবাদ করা হয় এদিন এর কর্মী সভায়। অন্যদিকে, মালদার কালিয়াচকে সোমবার তৃণমূলের কর্মী সভা থেকেও কেন্দ্রের মোদি সরকার এবং বিজেপি করা সমালোচনা করা হয়। উপস্থিত ছিলেন তৃনমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসম নূর, দলের জেলার মুখপাত্র শুভময় বসু, সুমনা আগারওয়াল, কোডিনেটর অম্লান ভাদুড়ি, কালিয়াচকের ব্লক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিকুর রহমান, দলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।এদিন বিরোধী দল বিজেপি, কংগ্রেস সিপিএমের কড়া সমালোচনা করেন তৃণমূল নেতারা।
এদিনের তৃনমূলের কর্মীসভায় রাজস্থানে কালিয়াচকের দিনমজুরের মৃত্যু প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন তৃনমূল নেতারা। তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃনমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসম নূর বলেন, কাজ না করলে মানুষের মন পাওয়া যায় না। যেটা বিজেপি এবং বিরোধিতা করে আসছে। আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নকে সামনে রেখে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাই মানুষের সাথে যোগাযোগ রেখে দলের হয়ে কাজ করতে হবে।
আগামীদিনের কালিয়াচকের ১ ব্লকের অন্তর্গত সুজাপুর বিধানসভা তৃণমূল জয় পাব। কারণ, এখানে বিগত দিনে কোনো উন্নয়ন হয় নি। যা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে। তাই সকলকে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের কৃষি
আইন ও উত্তর প্রদেশের হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছে।
সেইমতো সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা তে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিলটি বেলদা কাঁথি বাইপাস থেকে বেলদা কেশিয়াড়ি মোড়ে এসে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মী-সমর্থক উপস্থিত হয়েছিল।

Comments
Post a Comment