কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও উত্তর প্রদেশের হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছে। সেইমতো সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা তে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
মিছিলটি বেলদা কাঁথি বাইপাস থেকে বেলদা কেশিয়াড়ি মোড়ে এসে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মী-সমর্থক উপস্থিত হয়েছিল। এদিন এই কর্মসূচিতে শতাধিক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করে। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাধাকান্ত দা, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক অপূর্ব অট্ট, কৃষি কর্মাধ্যক্ষ শেখ কাওসার আলী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। ওই প্রতিবাদ মিছিল ও সভা থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের তীব্র বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ।
তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাংলায় পাস হবে না। যে বিল কৃষকদের সর্বস্বান্ত করবে সেই বিল কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবে না ।সেই সঙ্গে তিনি বলেন উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে তা নিন্দা করার ভাষা আমার জানা নেই।তাই তিনি ওই ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানান।

Comments
Post a Comment