দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বাঁকুড়া সফরকে কেন্দ্র করে চোখে পড়ল চূড়ান্ত অসচেতনতার ছবি। করোনা সংক্রমণ এড়াতে যখন কেন্দ্র ও রাজ্যের তরফে বারবার কোভিড বিধি মেনে চলার কথা বলা হচ্ছে তখন মাস্ক বিহীন অবস্থায় একের পর এক রাজনৈতিক কর্মসূচী সারলেন খোদ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন সকালে বাঁকুড়ার করগাহিড় হ্যালিপ্যাডে নামার পর অমিত শাহ যান পুয়াবাগান সংলগ্ন এলাকায়।
সেখানে আদিবাসী নেতা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন তিনি। পরে দলীয় নেতা কর্মীদের সাথে দফায় দফায় রবীন্দ্রভবনে বৈঠক করেন। যান বাঁকুড়া শহর লাগোয়া চতুরডিহি গ্রামে। সেখানেই মধ্যাহ্ন ভোজ সারেন তিনি। গোটা সফরে একবারও স্বরাষ্ট্র মন্ত্রী মুখে মাস্ক দেখা যায়নি। তবে শুধু স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহই নয় তাঁর সফর সঙ্গী বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের অনেকের মুখেই এদিন মাস্ক দেখা যায়নি।
কয়েকজন নেতার গলায় মাস্ক ঝুললেও তা মুখে তুলতে দেখা যায়নি। এমনিতে সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও করোনা সংক্রমণের হার ক্রমশ উর্ধমূখী। এই অবস্থায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী অমিত শাহর এমন কাজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মনে করছে রাজনৈতিক মহল। অমিত শাহ সহ বিজেপি নেতৃত্বের এই আচরনে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

Comments
Post a Comment