ভারতবর্ষের মাটি থেকে বিজেপির বিদায় হবে, মন্তব্য অরূপ রায়ের




বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে হাওড়ায় এক প্রতিবাদ সভায় কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। রবিবার বিকালে হাওড়ার বকুলতলা বাসস্ট্যান্ডে ৪৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মঞ্চে অরূপ রায় বলেন, 'মানুষকে ভাঁওতা দিয়ে বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় এসেছে। ২০১৩, ২০১৯ গেছে। ২০২৪ এ আর নয়। 


বিজেপির বিদায় হবে ভারতবর্ষের মাটি থেকে।' বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অরূপ রায় বলেন, 'বাংলা দখলের স্বপ্ন দেখবেন না। সারা বাংলার লাখো লাখো মানুষের কাছে মমতার গ্রহণযোগ্যতা রয়েছে।' এদিন সাংবাদিকরা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য সম্পর্কে অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, 'দিলীপ ঘোষ সম্পর্কে আমি কোনও মন্তব্য করতে চাইনা।


 বিজেপি একটি উচ্ছৃঙ্খল রাজনৈতিক দল। তাদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভাল। ওদের মুখ থেকে এই ধরণের মন্তব্য ছাড়া আর কিইবা আশা করা যায়। তাদের শিক্ষাদীক্ষা যেরকম তারা সেরকমই কথা তো বলবে।' এদিনের সভায় প্রাক্তন কাউন্সিলর নাসরিন খাতুন, তৃণমূল নেতা মাসুদ আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।



Comments