বিমল গুরুংয়ের খাস তালুকে এবার শক্তি প্রদর্শনে নামছেন বিনয় তামাং




বিমল গুরুংয়ের খাস তালুকে এবার শক্তি প্রদর্শনের নামছেন বিনয় তামাং। দিপাবলীর পর গুরুঙের অন্যতম খাসতালুক বলে পরিচিত তুকভারে জনসমাবেশের প্রস্তুতি নিচ্ছেন বিনয় তামাং। বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দিপাবলীর পর তুকভারে বড় সমাবেশের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পাহাড় এবং সমতল মিলিয়ে মোট সতেরোটি বিধানসভা থেকে কর্মী-সমর্থকরা আসবেন।


 তিনি আরো জানান, অনেক আগেই এই সমাবেশ করার প্রস্তুতি নেয়া হয়েছিল কিন্তু পাহাড়ে এখন প্রচুর পর্যটক রয়েছেন তাই তাদের কথা ভেবে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আপাতত এই সমাবেশ করা হচ্ছে না। দিপাবলীর পর সমাবেশের প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিন ফের আরও একবার বিমল গুরুং কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিনয় তামাং। 


তিনি বলেন পাহাড়ে বিমল গুরুং স্বাগত নয় কারণ তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সেই সমস্ত কিছু বর্তমানে আদালতে বিচারাধীন। আদালত তাকে নির্দোষ ঘোষণা করার পর তিনি পাহাড়ে আসতেই পারেন বাড়িতেও ফিরতে পারেন কিন্তু যতক্ষণ না তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন ততক্ষন তিনি পাহাড়ে স্বাগত নন। শান্ত পাহাড়ে কোনরকম অশান্তি বরদাশ্ত করা হবে না। 


গোরখা ব্যাটেলিয়ন তৈরীর জন্য এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মোর্চা নেতা বিনয় তামাং। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ে কার্যত ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে নেমে পড়লেন বিনয় তামাং যে কারণে বেছে নেয়া হয়েছে গুরুঙ্গের খাস তালুককে। একেবারে বিমল গুরুংয়ের খাস এলাকায় বড় ধরনের জনসমাবেশ করে তাঁকে কার্যত চ্যালেঞ্জ করতে চাইছেন বিনয় তামাং অনিত থাপারা।



Comments