চলতি সপ্তাহেই গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিল জিটিএ-র কর্মী সংগঠন ইউনাইটেড এম্প্লয়ি অ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনের কালিম্পং শাখার 800 কর্মচারী সহ গোটা ইউনিট আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলো। সংগঠনের কালিম্পং শাখার প্রেসিডেন্ট কে সি রাই শনিবার বলেন,' অনেক আগেই আমাদের উচিত ছিল পাহাড়ের তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগ দেওয়া। অন্ধ আবেগ থেকে আমরা বারবার ভুল পথে গিয়েছি।এবার আমরা সঠিক পদক্ষেপ নিলাম।'
তিনি আরো বলেন, ইউনাইটেড এমপ্লয়ি এসোসিয়েশনের যে সমস্ত দাবি-দাওয়ার রয়েছে তা একমাত্র তৃণমূল পূরণ করতে পারে। রাজ্য সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। তাই তৃণমূলে যোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তারা যাতে তৃণমূলে যোগ দিতে না পারেন তার জন্য নানাভাবে তাদের ভয় দেখানো হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য সব বাধা কাটিয়ে তারা তৃণমূলে যোগ দিয়েছেন , এটাই গণতন্ত্র।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী বলেন,' যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী যেভাবে পাহাড়ে উন্নয়নমূলক একাধিক কাজ করেছেন তাতে মানুষের আস্থা যে বাড়ছে তৃণমূলের প্রতি এদিনের যোগদান তারই প্রমাণ। আগামী দিনে আরও অনেকে পাহাড়ে তৃণমূলে যোগ দেবেন কারণ পাহাড়বাসী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পাহাড়বাসীর সমস্ত সমস্যার সমাধান করতে পারেন।'

Comments
Post a Comment