কালিম্পংয়ে সংগীতানুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে একথা জানান জি টি এ চেয়ারম্যান অনিত থাপা। তিনি বলেন,'মুখ্যমন্ত্রী ফোনে আমার সঙ্গে কথা বলেছেন। ঘটনার ব্যাপারে মুখ্যমন্ত্রী কে জানানো হয়েছে। রাজ্য সরকার মৃত দুই মহিলার পরিবার পিছু দু লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছেন এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।'
একইসঙ্গে তিনি জানান আগামী দিনে যাতে এই ধরনের অনুষ্ঠান করার আগে প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখা হয় এবং আরো সতর্কভাবে যাতে অনুষ্ঠানের আয়োজন করা হয় সে ব্যাপারে সবরকম ব্যবস্থা নেবে জিটিএ। পাশাপাশি, বিজেপি সাংসদ রাজু বিস্তকে এক হাত নেন তিনি। জিটিএ চেয়ারম্যান বলেন, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। দুর্ঘটনা আগে থেকে আঁচ করা যায় না।
তবে ভবিষ্যতে সতর্ক থাকতে হয়। এদিন অনিত থাপার পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাদের সমবেদনা জানিয়েছি এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের যেকোনো রকম প্রয়োজনে রাজ্য সরকার সর্বতোভাবে পাশে থাকবে। একইসঙ্গে তিনি জানান কিভাবে এই ঘটনা ঘটলো সে ব্যাপারে জেলাশাসক এবং পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন।

Comments
Post a Comment