মন্দিরকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার আইন আনার পরিকল্পনা কর্ণাটকের বিজেপি সরকারের



কর্ণাটকের বিজেপি সরকার হিন্দু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে একটি আইন আনার পরিকল্পনা করছে। ২৯ ডিসেম্বর বুধবার হুবলিতে দুই দিনের রাজ্য বিজেপি কার্যনির্বাহী কমিটির সভায় বক্তৃতা দিতে গিয়ে বোমাই বলেন “বর্তমানে রাজ্যের হিন্দু মন্দিরগুলি বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণ উপবিধি এবং নিয়মের অধীনে রয়েছে। আমলাদের হাতে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো আমাদের সরকার মুক্ত করবে। আমরা এমন একটি আইন আনব যা মন্দির পরিচালনাকে তাদের নিজস্ব উন্নয়ন দেখার অধিকার দেবে।”

তিনি বলেন “আমাদের মন্দিরগুলিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে আমরা আগামী অধিবেশনে একটি নতুন বিল আনার পরিকল্পনা করছি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।" 

বোমাই বলেন বিধানসভার বাজেট অধিবেশনের আগে নতুন আইন তৈরি করা হবে। তিনি বলেন “বাজেট অধিবেশনের আগে আমাদের মন্দিরগুলিকে বিধিনিষেধমুক্ত করতে একটি আইনের আকার দেওয়া হবে। রাজ্যের কোনও নিয়ন্ত্রণ বা প্রবিধান ছাড়াই মন্দিরগুলিকে অবাধে কাজ করার অনুমতি দেওয়া হবে।"

রাজ্য বিধানসভা বিতর্কিত কর্ণাটক প্রোটেকশন অফ রাইট টু রিলিজিয়ন অফ রিলিজিয়ন বিল ২০২১পাস করার কয়েকদিন পরে এই ঘোষণাটি এসেছে, যা সাধারণত ধর্মান্তর বিরোধী বিল হিসাবে পরিচিত। বিলটি এখন লেজিসলেটিভ কাউন্সিলে পেশ ও পাসের জন্য মুলতুবি রয়েছে। 

ধর্মান্তর বিরোধী বিল সম্পর্কে বলতে গিয়ে বোমাই বলেন "বিলটি শুধুমাত্র একটি আইনে পরিণত হবে না, আমরা এটিকে রাজ্যে সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করব।"

কংগ্রেস ক্ষমতায় এলে ধর্মান্তর বিরোধী বিল বাতিল করা হবে বলে তার সাম্প্রতিক বক্তব্যের জন্য বিরোধী নেতা সিদ্দারামাইয়াকে নিশানা করে বোমাই বলেন “তাঁর স্বপ্ন সত্যি হবে না কারণ তারা আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে না। সকলের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার আইন চিরস্থায়ী থাকবে।”


Comments