পদত্যাগ প্রত্যাহারের অনুরোধ, শরদ পাওয়ারের মেয়েকে ফোন রাহুল গান্ধীর
ব্রেকিং বাংলা ন্যাশনাল ডেস্ক, ০৪ মে : মঙ্গলবার ২রা মে, জাতীয় সভাপতি শরদ পাওয়ার তার পদত্যাগের ঘোষণা করায়, তাঁকে শান্ত করার প্রচেষ্টার মধ্যে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে ফোন করেছিলেন।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সুলের সাথে কথোপকথনে তিনি পাওয়ারকে তার পদত্যাগ ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পদত্যাগ না করলে দলের পরবর্তী কৌশল কী হবে, সে বিষয়েও খোঁজ নেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাওয়ারের পদত্যাগের খবর পাওয়ার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পাওয়ারের সঙ্গে কথা বলেন এবং তাকে পদত্যাগের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলেন। এ ছাড়া অন্যান্য বিরোধী দলের নেতারাও এই বিষয়ে পাওয়ার ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার, মুম্বাইতে এনসিপি নেতাদের বৈঠকের আগে, নির্ভরযোগ্য সূত্র দাবি করেছিল যে এনসিপির পরবর্তী সভাপতি পাওয়ার পরিবার থেকে হবেন না কেউ। তবে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে দলের সিনিয়র নেতা প্রফুল প্যাটেল বলেছেন, যতক্ষণ না দল নতুন সভাপতি নির্বাচন না করে, কেবল শরদ পাওয়ারই এনসিপির দায়িত্ব নেবেন।
প্যাটেল বলেন, 'শরদ পাওয়ার গতকাল বলেছিলেন যে প্রজন্মগত পরিবর্তন হওয়া উচিৎ, সম্ভবত তিনি চেয়েছিলেন নতুন প্রজন্ম এগিয়ে যাক। আমরা কেউই এ বিষয়ে কিছু জানতাম না। তবে উঁনি সময় চেয়েছেন,আর আমাদের সময় দেওয়া উচিৎ।'

Comments
Post a Comment